রজনীকান্তের দাপটে জমে উঠল ‘জেলার ২’-এর ট্রেলার
ছবি: সংগৃহীত
০৮:৩৪ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
রজনীকান্তের ‘জেলার’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিল। সিনেমাটির সাফল্যের পর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল সিক্যুয়ালের জন্য।
অবশেষে সেই অপেক্ষার অবসান। মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পর নতুন করে চড়েছে সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ। প্রায় পৌনে দুই বছর আগে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার।
এরপর থেকেই সিক্যুয়াল নিয়ে কৌতূহলে ছিলেন রজনীকান্তের ভক্তরা। এবার ট্রেলারে রজনীর পাশাপাশি নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালনের মতো তারকারাও। দেখা মিলেছে মোহনলালেরও। জানা গেছে, সিনেমাটিতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন তিনি।

আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর। মুক্তির মাত্র ১০ দিন আগে প্রকাশ্যে এলো ট্রেলার। ট্রেলারের শুরুতেই রয়েছে টানটান উত্তেজনার আবহ। দুই মাস ধরে চলতে থাকা ধ্বংসযজ্ঞের নেপথ্যে কে- তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। জানা যায়, সেই ব্যক্তির প্রকৃত পরিচয় খুঁজে বের করা প্রায় অসম্ভব।
এর পরই অনিরুদ্ধর দুরন্ত আবহসংগীতের সঙ্গে পর্দায় হাজির হন রজনীকান্ত। আগের সিনেমার মতো এবারও ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে দেখা গেছে তাকে। কখনো স্টেনগান হাতে শত্রুদের ওপর গুলি চালাচ্ছেন, কখনো আবার নিজের স্বভাবসুলভ স্টাইলে ভয় ধরাচ্ছেন প্রতিপক্ষকে। ট্রেলারজুড়ে রয়েছে রজনীর একের পর এক অ্যাকশন দৃশ্য ও স্টাইল স্টেটমেন্ট।

একটি দৃশ্যে বেশ শান্তভাবেই প্রতিপক্ষকে চা না কফি- কোনটি পছন্দ, তা বেছে নেওয়ার সুযোগ দেন রজনীকান্ত। তবে সেই আপাত শান্ত কথোপকথনের আড়ালেই থাকে কঠোর হুঁশিয়ারি।
ট্রেলারে রজনীকান্তের চরিত্রকে খলনায়কদের গুপ্তচরবৃত্তি, চ্যালা পাঠানো, ভয় দেখানো কিংবা মনস্তাত্ত্বিক কৌশলকে ‘সেকেলে’ বলে উপহাস করতে দেখা যায়। বিপরীতে নিজের কৌশলও স্পষ্ট করেন তিনি- সব শত্রুকে এক জায়গায় জড়ো করে বোমা মেরে উড়িয়ে দেওয়া!
ট্রেলার প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাস। ভক্তদের অনেকেই মনে করছেন, ‘জেলার ২’ শুধুই আরেকটি সিনেমা নয়; বরং রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারের তারকাখ্যাতির আরেকটি বড় উদ্যাপন। অনেকের মন্তব্য, এমন ক্যারিশমা রজনীকান্ত ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়।
কেউ কেউ আবার দাবি করছেন, ‘জেলার ২’ই হতে পারে প্রথম তামিল সিনেমা, যা হাজার কোটি রুপির বক্স অফিস ক্লাবে প্রবেশ করবে। শেষ পর্যন্ত সিনেমাটি কতটা সাফল্য পায়, তার উত্তর মিলবে মুক্তির পরই। তবে ট্রেলার দেখে রজনী-ভক্তদের যে অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গেছে, তা স্পষ্ট।
এসএ/টিএ