© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

শেয়ার করুন:
আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ এএম | ০৭ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট উৎপাদন কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে। আর নাম পাল্টে নেপথ্যে থেকে সেই কোম্পানি পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট উৎপাদন কোম্পানি তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর নাম বদলে জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড রাখা হয়েছে। আওয়ামী লীগের এই সিগারেট কোম্পানি নেপথ্যে থেকে পরিচালনা করছে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। পটপরিবর্তনের পর আওয়ামী ঘনিষ্ঠ এ কে এম জিয়া উদ্দিন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে এমডি বনে যান। পরবর্তীতে এই ব্যক্তি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়কের পাদ পান। তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করতে নাসীরুদ্দীন পাটওয়ারীর শরণাপন্ন হন। নিশ্চয়ই তুষার ভূঁইয়া ও প্রাডো গাড়ি কাণ্ডের কথা কেউ ভুলে যান নি! অর্থাৎ, আওয়ামী সুবিধাভোগীদের শেল্টার দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া কি তাহলে এনসিপির নতুন বন্দোবস্তের রাজনীতি?’ তিনি প্রশ্ন করে এরপর বলেন, ‘কেনো কুষ্টিয়ার ঘটনায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর আওয়ামী প্রতিষ্ঠান শেল্টার দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার এনসিপির নেতারাও আর দায় নিতে রাজি হয়নি। এনসিপির কেন্দ্রীয় নেতারাও বিষয়টি জানার পর চুপ হয়ে যায়! এখন দেখা যাক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না? নাকি এই সিগারেট কোম্পানি থেকে উপার্জিত অর্থের ভাগ নাহিদ ইসলাম পর্যন্তও যায় বলে এই ঘটনায় চুপ থাকবে এনসিপি?’

একেএস/টিএ

মন্তব্য করুন