একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
ছবি: সংগৃহীত
০৫:৪৬ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই উল্লেখ করে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা বিভিন্ন দিকে! আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আলেমসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো পিঁপড়া একা হাঁটে না। কোনো হাতি জঙ্গলের ভেতরে একা হাঁটে না। অথচ আমরা দশদিকে। দশ গ্রুপে বিভক্ত। আসুন ঐক্যবদ্ধ থাকি। ঐক্যই শক্তি হবে। এই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জের মোকাবেলা করে যাবে ইনশাআল্লাহ।’
সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, ‘কাদামাটিতে দাঁড়িয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না। আপনার পায়ের নিচে মাটি আছে কি না দেখতে হবে। পায়ের নিচের মাটি শক্ত হতে হবে। ওয়াজের মাঠে লাখ লাখ মানুষ আমাদের বয়ান শুনে, তারা তো আমার ভোটার নয়, এখানেই তো ভুল। এটা বুঝতে হবে ওয়াজ শুনতে আসা সব শ্রোতা আমার ভোটার নয়। তাই জনগণের চাহিদা বুঝতে হবে। সেভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠান শেষে কালবেলার সঙ্গে এক আলাপচারিতায় তিনি আরও বলেন, ‘মতভিন্নতা সত্ত্বেও মুসলিম উম্মাহকে ঐক্যের পথ ধরতে হবে। ইখতিলাফ ছিল, আছে ও থাকবে। কিন্তু দ্বীন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সহনশীলতা ও পারষ্পরিক সম্মান বজায় রাখতে হবে। নইলে সংঘাত এড়ানো যাবে না।’
এমআই/এসএন