© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

শেয়ার করুন:
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ক্লাসে নেকাব পরে আসায় এক ছাত্রীকে‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ বিষয়ে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর জরুরি একাডেমিক কমিটির সভায় তাকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়ে।

শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ সেশন) ক্লাসে নেকাব পরে আসায় এক ছাত্রীকে ওই শিক্ষক ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। নেকাব পরা ওই ছাত্রী তাকে আক্রমণ করতে পারেন এমন আশঙ্কাও শিক্ষক প্রকাশ করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

পরে শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে জানান। এর পরিপ্রেক্ষিতে জরুরি একাডেমিক কমিটির সভা ডাকা হয়। এতে সিদ্ধান্ত হয় ওই শিক্ষককে আর ক্লাস করাতে দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের অভিযোগ ও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজল্যুশন নেওয়া হয়। সেই রেজল্যুশনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করা হয়েছে এবং কোর্সগুলো অন্য শিক্ষকদের দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিভাগীয় চেয়ারম্যান বা বিভাগীয় একাডেমিক কমিটির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ ধরনের বিষয়ে উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বিভাগ থেকে ঘটনাটি তাদের অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।

এমআই/এসএন

মন্তব্য করুন