শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৩১ এএম | ০৯ অক্টোবর, ২০২৬
শিশুর অধিকার রক্ষা ও তাদের সার্বিক বিকাশে নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। শিশুর মতামত ও অধিকারকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বুধবার(৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচিতে ইতোমধ্যে ১ লাখ ৪৫ হাজার শিশু বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।
তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এর আগে, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বুধবার ছিল এর সমাপনী আয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু অধিকারবিষয়ক সংস্থার প্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার শিশু একাডেমির শিশুরা উপস্থিত ছিলেন।
আরআই/টিএ