© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ

শেয়ার করুন:
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সাগরে তৈরি হতে পারে লঘুচাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ০৯ অক্টোবর, ২০২৬
দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এই বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে।

তবে মৌসুমি বায়ু বিদায় নিলেও আজ শুক্রবার (৯ অক্টোবর) ও আগামীকাল শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী রবিবার ১১ অক্টোবর থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১২ অক্টোবর সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

১৩ অক্টোবর মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে, আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে মধ্য বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসএ/টিএ

মন্তব্য করুন