মালয়েশিয়ায় বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হিরা
১১:৩৬ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ হিফজুল কুরআন বিভাগে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতী হাফেজ ইহতেশামুল হক হিরা। তার এই সাফল্যে বিশ্বদরবারে আরও একবার সমুন্নত হলো লাল-সবুজের পতাকা।
হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত খ্যাতনামা প্রতিষ্ঠান ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী’-এর শিক্ষার্থী। তার এ অর্জনে দেশের কুরআনি অঙ্গনে আনন্দের বন্যা বইছে।
গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে কয়েক ধাপে কঠোর বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। তাদের সবাইকে পেছনে ফেলে হিফজুল কুরআন বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন হিরা।
প্রতিযোগিতার সমাপনী দিনে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরার হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ কিংবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
উল্লেখ্য, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী থেকে এর আগেও হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ দেশের জন্য গৌরবোজ্জ্বল সাফল্য বয়ে এনেছেন।
এমআই/টিএ