গর্ডন, জেসুস ও কুন্দের গোলে বার্সেলোনার আটে আট
ছবি: সংগৃহীত
০৯:০১ এএম | ১১ অক্টোবর, ২০২৬
ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক বিরতিতে উড়ন্ত ফর্মে ছিলেন অ্যান্থনি গর্ডন। সেই ধারা ধরে রেখে এবার বার্সেলোনায় ফিরে দ্বিতীয় মিনিটে নিজের প্রথম গোলটি করলেন। সেই মিছিলে এরপর গ্যাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দে যোগ দিলে গেটাফেকে ৩-০ ব্যবধানে হারাল কাতালানরা। হ্যান্সি ফ্লিকের দল লা লিগায় আট ম্যাচের সবকটিতেই জিতল।
ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলে ঊরুর চোট নিয়ে ফেরা অধিনায়ক রাফিনিয়াকে সামনের দুই ম্যাচের জন্য বিশ্রামে রেখেছে বার্সা। ফর্মে থাকা এই তারকার অনুপস্থিতিতে শতভাগ জয় নিশ্চিত করল বাকি সতীর্থরা। ২০১৩-১৪ মৌসুমে জেরার্দো মার্টিনোর অধীনেও লা লিগায় প্রথম আট ম্যাচে জিতেছিল কাতালান ক্লাবটি। এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেই উড়ন্ত সূচনা ধরে রাখল।
ক্যাম্প ন্যুতে বলতে গেলে ম্যাচে কোনো পাত্তাই পায়নি সফরকারী গেটাফে। ৮৩ শতাংশ পজেশনের পাশাপাশি বার্সেলোনা ২৩ শটের ৮টি লক্ষ্যে রেখেছে। বিপরীতে তাদের সামনে প্রায় নাস্তানাবুদ গেটাফে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল, ফলে গোলের জন্য স্রেফ ৪টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে তারা। বার্সার হয়ে একটি করে গোল দিয়েছেন গর্ডন-জেসুস-কুন্দে।

খেলার মাত্র দ্বিতীয় মিনিটে স্বাগতিকরা লিড নেয়। বক্সের বাইরে প্রতিপক্ষের দুজনকে এড়িয়ে গর্ডন শট নেন, যা একজনের পায়ে লেগে গোলরক্ষকের হাত স্পর্শ করে জালে পৌঁছায়। বার্সায় যোগ দেওয়ার পর লা লিগায় চারটি অ্যাসিস্ট করলেও ইংলিশ স্ট্রাইকারের এটি প্রথম গোল। জাতীয় দল ও ক্লাবের সর্বশেষ চার ম্যাচেই গর্ডন গোল পেলেন। ৩০ গেটাফের ডিফেন্ডার ড্রিবল করতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারালে জেসুস জোরালো শটে সেটি জালে জাড়ান। কাতালান জার্সিতে যা সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচে ব্রাজিল তারকার তৃতীয় গোল।
বিরতির পর ফিরে জেসুস আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন, তবে এবার তার হেড লক্ষ্যে ছিল না। দানি ওলমোর আরেকটি নিচু শট গেটাফে গোলরক্ষক ফেরানোর পর ৭৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। লামিনে ইয়ামাল ডানদিক থেকে ক্রস বাড়ালে তিনি পা ছুঁয়ে বলের ঠিকানা খুঁজে নেন। শেষদিকে স্প্যানিশ তারকা ইয়ামালের শট যায় পোস্ট ঘেঁষে।
লা লিগার ৮ ম্যাচ শেষে ফ্লিকের শিষ্যরা ৩৪টি গোল দিলো প্রতিপক্ষের জালে। আর আট ম্যাচের সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রি ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে এবং এক পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদে তিনে।
এমআর/টিএ