© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিলবোর্ডের শীর্ষে টেইলর সুইফটের ১০০ সপ্তাহের মাইলফলক

শেয়ার করুন:
বিলবোর্ডের শীর্ষে টেইলর সুইফটের ১০০ সপ্তাহের মাইলফলক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেইলর সুইফট। তার অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ টানা দ্বিতীয় সপ্তাহ চার্টের এক নম্বর অবস্থান ধরে রেখেছে।

অ্যালবামটির বর্ধিত সংস্করণ ‘দ্য লাইফ অব আ শোগার্ল : দ্য এনকোর’ প্রকাশের পর এই সাফল্য পেলেন গায়িকা। এর মধ্য দিয়ে একক শিল্পীদের মধ্যে নিজের রেকর্ড আরো সুসংহত করলেন সুইফট। তার এই অর্জনের ধারেকাছে পৌঁছানো অন্য শিল্পীদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল : দ্য এনকোর’ সংস্করণে যুক্ত হয়েছে চারটি নতুন গান।



বিলবোর্ডের চার্টের হিসাব অনুযায়ী, মূল অ্যালবাম ও বর্ধিত সংস্করণকে একসঙ্গে গণনা করা হয়। ফলে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নিয়ে সুইফটের শীর্ষে থাকার সময় দাঁড়িয়েছে মোট ১৪ সপ্তাহে। বিলবোর্ডের তথ্য অনুযায়ী, একক শিল্পীদের মধ্যে টেইলরের পরেই রয়েছেন এলভিস প্রিসলি। তার অ্যালবামগুলো মোট ৬৭ সপ্তাহ চার্টের শীর্ষে ছিল।

জীবিত শিল্পীদের মধ্যে ৫২ সপ্তাহ শীর্ষে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন গার্থ ব্রুকস। তবে সব শিল্পীকে বিবেচনায় নিলে সর্বকালের রেকর্ডটি বিটলসের দখলে। ব্যান্ডটির অ্যালবামগুলো সম্মিলিতভাবে ১৩২ সপ্তাহ চার্টের শীর্ষে ছিল। এদিকে দীর্ঘ বিরতির পর বিলবোর্ড ২০০-এর সেরা দশে ফিরেছে বিটলসের অ্যালবাম ‘রাবার সোল’। ৫৮ হাজার সমতুল্য অ্যালবাম ইউনিট নিয়ে এটি রয়েছে চতুর্থ স্থানে।

পুনঃপ্রকাশ ও নতুন করে সাজানো সংস্করণ প্রকাশের সুবাদে ১৯৬৬ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছে অ্যালবামটি। চার্টের দ্বিতীয় স্থানে রয়েছে ড্রেকের ‘হাবিবতি’। অ্যালবামটির বিক্রি ৭১ হাজার ইউনিট। চারটি নতুন গান যুক্ত হওয়ায় এটি ১১৬তম স্থান থেকে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে অলিভিয়া রদ্রিগোর ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ ৬৬ হাজার ইউনিট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

তালিকার পঞ্চম স্থানে মর্গান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’, ষষ্ঠ স্থানে এলা ল্যাংলির ‘ড্যান্ডেলিয়ন’, সপ্তম স্থানে নোয়া কাহানের ‘দ্য গ্রেট ডিভাইড’, অষ্টম স্থানে অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং’ এবং নবম স্থানে নোয়া কাহানের ‘স্টিক সিজন’। এ ছাড়া দশম স্থানে উঠে এসেছে ম্যাক মিলারের ‘দ্য ডিভাইন ফেমিনিন’। অ্যালবামটির দশম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ সংস্করণে যুক্ত হয়েছে তিনটি নতুন গান।

এসএ/টিএ

মন্তব্য করুন