© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেত্রী মিষ্টির শূন্য আসনে উপ-নির্বাচনরিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিলো ইসি

শেয়ার করুন:
রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিলো ইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের আসনে উপ-নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসির জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ২ অনুবিভাগের উপসচিব মো. মঈন উদ্দীন খানকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে একই সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় ১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামকে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ইসি ২৭ অক্টোবর জমা পড়া মনোনয়নপত্রগুলো বাছাই করবে। বাছাইয়ে বাতিল বা গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করার সুযোগ থাকবে ২৮ অক্টোবর এবং পরবর্তী দিন ২৯ অক্টোবর এসব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের একটি ঘটনায় নাম আসার পর তোলপাড় শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। দলীয় নির্দেশনার পর তিনি পদত্যাগ করলে জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের শূন্য ঘোষণার ধারাবাহিকতায় এখন সেখানে উপ-নির্বাচন আয়োজনের কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।

এসএন 

মন্তব্য করুন