© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

শেয়ার করুন:
বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে ওই নারীর বাড়িতে গিয়ে তাঁর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা।

উপকারভোগী ওই নারীর নাম ঝুমা আক্তার। তাঁর স্বামী প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং ঝুমা আক্তারের আয়ের পথ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়।

সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী এবং পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন।

সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঝুমা আক্তার বলেন, 'আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি।'

তিনি আরও বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেলাই মেশিন বিতরণ শেষে প্রয়াত সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমরা কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে তিনি কোনো দলের বা কোনো ধর্মের, তা বিবেচনা করি না। আমরা দেখি, কার সহযোগিতা প্রয়োজন। এটাই আমাদের নীতি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এফআর/টিএ

মন্তব্য করুন