তারেক রহমানের মাধ্যমে আল্লাহ আমাকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন: ছবিরুল ইসলাম
ছবি: সংগৃহীত
১০:৪২ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেছেন, ‘আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আল্লাহ নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের উপাচার্য হিসেবে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ তুলে ছবিরুল ইসলাম বলেন, নিয়োগের পর পিরোজপুরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ভালোবেসেছেন এবং সাধ্যমতো সে অনুযায়ী আমল করার চেষ্টা করেছেন। শিক্ষার্থীদের নিয়ত শুদ্ধ রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আল্লাহ দুনিয়ায় ইজ্জত ও সম্মান দান করবেন।
বক্তব্যে নিজের নিয়োগ নিয়ে সমালোচনার জবাব দেয়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তার নিয়োগের যৌক্তিকতা নিয়েও কথা বলেন তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তার শিক্ষাগত যোগ্যতা ও একাডেমিক পটভূমি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
এমআই/টিএ