বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধীদলকে গালাগালি বিষয়ে মাস্টার্স করেছেন ফারুক: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক (উপসচিব পদমর্যাদা) করা হয়েছে। তার এই নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ফারুকের নিয়োগ নিয়ে এবার সরব হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পাটওয়ারী লিখেছেন, ‘বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হাসানের দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।’
তিনি বলেন, ‘সবার জ্ঞাতার্থে বলি, গত এক বছরে গুলশান অফিসে তিনি বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধীদলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং কীভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানো যায়, সে বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন!’
এনসিপির এই নেতা বলেন, ‘এমন বহুমুখী যোগ্যতার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই তো অন্যায়!, যারা এ কাজ করে যাচ্ছেন, তারা সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা (আশঙ্কা) রয়েছে।’
আরআই/টিএ