© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে নাম, ক্ষুব্ধ ধাওয়ানের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

শেয়ার করুন:
অনুমতি ছাড়াই টুর্নামেন্টে নাম, ক্ষুব্ধ ধাওয়ানের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
অনুমতি ছাড়াই ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের’ খেলোয়াড় তালিকায় নাম আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার শিখর ধাওয়ান। নিজের অজান্তে ও সম্মতি ছাড়া নাম ব্যবহার করায় টুর্নামেন্টটির আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধাওয়ান জানান, টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তার কোনো সম্মতি নেই। তিনি লিখেছেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে আমার নাম দেখছি। আমার অজান্তে ও অনুমতি ছাড়াই আয়োজকেরা আমার নাম ব্যবহার করেছেন।’

তিনি আরও লেখেন ‘বিষয়টি মোকাবিলায় আমার দল যথাযথ আইনি পদক্ষেপ নেবে। গণমাধ্যম ও আমার ভক্তদের অনুরোধ করছি, কোনো অননুমোদিত ঘোষণা প্রচার করবেন না বা তার ওপর নির্ভর করবেন না। আপনাদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’



ধাওয়ানের নাম এশিয়া ওয়ারিয়র্স দলে রাখা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। ২৪ সদস্যের এই দলে পাকিস্তানেরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তবে টুর্নামেন্টটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার।

এশিয়া ওয়ারিয়র্সের তালিকায় ধাওয়ান ছাড়াও ভারতের সাবেক ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরাত সিং মান ও অভিমন্যু মিঠুনের নাম রয়েছে। পাকিস্তানের সোহেল তানভীর, ইফতিখার আহমেদ ও মুহাম্মদ ইমরান খানসহ আরও কয়েকজন ক্রিকেটারও আছেন দলটিতে।

এফআর/এসএন

মন্তব্য করুন