© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যারম ফেডারেশনের আধুনিক প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন, ইতালি বিশ্বকাপের প্রস্তুতি শুরু

শেয়ার করুন:
ক্যারম ফেডারেশনের আধুনিক প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন, ইতালি বিশ্বকাপের প্রস্তুতি শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে আধুনিক প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন, নিজস্ব ওয়েবসাইট চালু, খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং ইতালিতে অনুষ্ঠেয় নবম বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকায় বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আধুনিক প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ড. এম. এ. মুহিত, এমপি। এ সময় ফেডারেশনের সহসভাপতি আমিরুল ইসলাম কাজী, আল মামুন ও শফিউল আলম বাবুসহ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মুহসীন (মাহিন) এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান (সুমন) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. এম. এ. মুহিত বলেন, ক্যারম বাংলাদেশের একটি সম্ভাবনাময় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্যারম খেলোয়াড়দের সাফল্য আরও সুদৃঢ় করতে আধুনিক প্রশিক্ষণ সুবিধা, নিয়মিত অনুশীলন, প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের বিকল্প নেই। ফেডারেশনের আধুনিক প্রশিক্ষণ কক্ষ প্রতিষ্ঠা খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেডারেশনের নিজস্ব ওয়েবসাইট চালু ও খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে খেলোয়াড়দের তথ্য সংরক্ষণ, নিবন্ধনব্যবস্থার আধুনিকায়ন, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সারা দেশে ক্যারম খেলাকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ইতালিতে অনুষ্ঠেয় নবম বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা এবং দেশের জন্য সম্মানজনক ফলাফল অর্জনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হবে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশন আশা প্রকাশ করেছে, সরকারের ক্রীড়াবান্ধব উদ্যোগ, জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে ক্যারম খেলার প্রসার ও আন্তর্জাতিক সাফল্য আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন