© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শেয়ার করুন:
নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ১৫ অক্টোবর, ২০২৬
আগামী নভেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে। এর পাশাপাশি আগামী বছরের জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জানানো হয়, রাশিয়ার রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়েই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

তৃতীয় প্রজন্মের এই বিদ্যুৎকেন্দ্রটির প্রতিটি ধাপ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কঠোর নজরদারিতে বাস্তবায়িত হচ্ছে, যা আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও সঠিক পথে রয়েছে।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য খাতে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানচর্চা বাড়াতে স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজন এবং দেশীয় উদ্ভাবন কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর জোর দেওয়া হয়। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির অন্যান্য সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কেএন/এসএন

মন্তব্য করুন