© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন অভিনেতা ইমরান খান

শেয়ার করুন:
দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন অভিনেতা ইমরান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে দিল্লিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় দেশ ছাড়ার নোটিশ পেয়েছেন অভিনেতা ইমরান খান। ওই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি। দ্য হিন্দু।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার সঙ্গী, অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং আত্মীয় জেইন মেরি খান। প্রতিবাদের সময় ওই তিনজনকে আটক করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়ার কয়েকদিন পরই ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হলো। তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। অভিবাসন ও বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।

ইমরান খানের আইনজীবী জুলফিকার মেমন এবং তার আইনি প্রতিষ্ঠান এমজেডএম লিগ্যালের মাধ্যমে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) অথবা সোমবার (১৯ অক্টোবর) হাইকোর্টে আবেদন দাখিল করা হতে পারে।

আবেদনে যুক্তি দেওয়া হবে, ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের বিক্ষোভে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এমন কোনো আইনি বিধান বা নিয়ম নেই।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এখন দেশ ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হচ্ছেন এই অভিনেতা। হাইকোর্টে আবেদনের পর এ বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

এসএন 

মন্তব্য করুন