ভিক্টোরিয়ার জিয়া অডিটোরিয়ামের সিলিং আটকানো বাঁশের খুঁটিতে
০৬:২৭ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ‘জিয়া অডিটোরিয়াম’। প্রধান ফটক পেরোলেই দর্শক আসন। প্রবেশ করতেই চোখে পড়ে ছাদের ঝুলে থাকা সিলিং। এই প্লাস্টিকের সিলিং ঠেকিয়ে রাখা বাঁশের খুঁটিতে। যে কারণে এখানে অনুষ্ঠানে আসা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও টিনশেডের ছাদ থেকে পানি পড়ে এবং বিভিন্ন স্থান জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না করায় এই হলটির বেহাল অবস্থা দেখা গেছে।
২০০৬ সালের ১৬ মার্চ। কলেজের ডিগ্রি শাখায় উদ্বোধন হয় এই ‘জিয়া অডিটোরিয়াম’। ২০১৬ সালে এই অডিটোরিয়ামের নাম পরিবর্তন করা হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ ডিসেম্বর ভবনটি আবার আগের নাম ‘জিয়া অডিটোরিয়াম’ ফিরে পায়। নাম পরিবর্তনের পর এক বছর ১০ মাস পার হলেও এই অডিটোরিয়াম সংস্কার চোখে পড়েনি। তবে অডিটোরিয়ামটি সংস্কারে অর্থ বরাদ্দ হয়েছে। কলেজের একাধিক শিক্ষকদের সাথে কথা বলতে এসব তথ্য জানা গেছে।
কলেজের বিভিন্ন অনুষ্ঠান, সভা-সমাবেশ ও শিক্ষার্থীদের নানা গুরুত্বপূর্ণ আয়োজন হয় এই অডিটোরিয়াম। যে কারণে এখানে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও অতিথির সমাগম ঘটে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সংস্কারে অবহেলা এবং সিলিং বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। আজাহারুল ইসলাম ও তানজি আক্তার বলেন, ‘অডিটোরিয়ামের প্রবেশপথে বাঁশের খুঁটি দিয়ে যেভাবে সিলিং ধরে রাখা হয়েছে, তা দেখে মনে হয় যেন দ্বিতীয় তলাটিই বাঁশের খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ। যেকোনো দুর্ঘটনা হতে পারে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’
শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মো. গোলাম সোহরাব হাসান বলেন, ‘আমি শুনেছি অডিটোরিয়ামের জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কৃষিমন্ত্রী কলেজে আসার পর এর বেহাল অবস্থা দেখে বরাদ্দের ব্যবস্থা করে দেন। টেন্ডার হয়েছে। আশা করা যায়, দ্রুত সংস্কার করা হবে।’
এমআই/এসএন