মেজর হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:২১ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
নিজ সহকর্মীদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচার বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে গুলি করার মাধ্যমে তার দণ্ড কার্যকর করা হবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ জানিয়েছিলেন, এই দণ্ড কার্যকর সরাসরি দেখানো হবে। পরবর্তীতে ট্রাম্প জানান তিনি এটির অনুমোদন দিয়েছেন।
তবে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
তিনি বলেছেন, “অনেক ভালো এবং সভ্য মানুষ তার মৃত্যু দেখতে চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী এবং হাসানের মতো ব্যক্তিদের কীভাবে শাস্তি দেয়, আমি মনে করি এই দণ্ড কার্যকর সরাসরি দেখালে বিশ্বব্যাপী একটি শক্তিশালী বার্তা যেত। পূর্ব সূচি অনুযায়ী, ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যু হবে। তবে এটি সরাসরি সম্প্রচার করা হবে না।”
২০০৯ সালে টেক্সাসের একটি সেনা ঘাঁটিতে ১৩ সেনা সদস্যকে গুলি করে হত্যা করেন নিদাল হাসান। তার গুলিতে আহত হন আরও ৩২ জন। নিদাল সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কাজ করতেন।
তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন মুসলিম দেশে হামলা চালানোয় ক্ষিপ্ত হয়ে নিজ সহকর্মী সেনাদেরই গুলি করে হত্যা করেন তিনি। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যা আগামী ডিসেম্বরে কার্যকর করা হবে।
ট্রাম্প জানিয়েছেন, নিদাল হাসানের গুলিতে যেসব সেনা মারা গিয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা গিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর দেখতে পারবেন। তিনি বলেন, “তাদের পরিবার ন্যায়বিচার দেখার অধিকার রাখে।”
সূত্র: বিবিসি