© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান

শেয়ার করুন:
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিতে নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হিন্দু সম্প্রদায়ের মানুষের পূজা উদযাপনে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, এটাই প্রত্যাশা।

বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতের নেতাকর্মীরা সচেতন নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন