সরকারের পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত
০৮:৫৯ এএম | ১৭ অক্টোবর, ২০২৬
ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের পরিবর্তন চেয়ে অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ বলেছেন, এই পরিবর্তন অবশ্যই নির্বাচন এবং সাংবিধানিক পথেই হতে হবে। শুক্রবার তিনি ভারতের পরিস্থিতিকে ২০২৪ সালে বাংলাদেশের এবং ২০২৫ সালে নেপালের সরকার পতনের প্রেক্ষাপট থেকে আলাদা উল্লেখ করে এই মন্তব্য করেন।
প্রকাশ রাজ বলেন, 'আমরা এই সরকারের পতন চাই, এবং আমরা গণতান্ত্রিক উপায়েই তা ঘটাব।' এ সময় তিনি উত্তর প্রদেশ নির্বাচন থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত লড়াইয়ের রূপরেখা তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, কেন্দ্র আলোচনার পথ বন্ধ করে বিক্ষোভকারীদের দমনে বলপ্রয়োগ করায় তাদের অপসারণের দাবি আরও তীব্র হচ্ছে।
শান্তিপূর্ণ আন্দোলনকে 'নৈরাজ্য' বলার অভিযোগ নাকচ করে তিনি বলেন, নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই প্রশ্ন তুলছেন, বিক্ষোভ করছেন এবং ভোট দেবেন। তিনি মন্তব্য করেন, 'আমরা কোনো অস্ত্র বহন করছি না। আমাদের অস্ত্র হলো সংবিধান ও প্রতিবাদের অধিকার।'
শুক্রবার তেরঙ্গা পদযাত্রার আগে নেতাকর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির প্রসঙ্গ টানেন প্রকাশ রাজ। তিনি প্রশ্ন তোলেন, 'মোদির সেই 'হর ঘর তেরঙ্গা' স্লোগানের কী হলো? দেশের তরুণরা আজ জাতীয় পতাকা নিয়ে হাঁটতে চায়।'
এছাড়া নারীসহ বিক্ষোভকারীদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগ তুলে তিনি আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোকে সংসদে এ বিষয়ে কথা বলার আহ্বান জানান। কৃষক সংগঠন সংযুক্ত কিষান মোর্চাসহ নাগরিক সমাজের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, আন্দোলনের পরবর্তী ধাপে আরও বিপুল মানুষ রাজপথে নামবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
কেএন/এসএন