পছন্দের পদ না পেয়ে ছাত্রদল নেতার নিজের গালে জুতাপেটা
০২:১১ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬
পছন্দের পদ না পেয়ে ক্ষোভে নিজের গালেনহিজেই জুতাপেটা করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ তুলে ভিডিওতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।
গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন পায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়া দাবি করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে ভূমিকা না রাখা ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। বিপরীতে, আন্দোলনে অংশ নিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের পদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মহসিন ভূঁইয়া বলেন, দ্রুত বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। সেখানে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান তিনি। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের অবমূল্যায়ন না করার আহ্বান জানান।
অন্যদিকে, কমিটি গঠনের বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন দিয়েছেন। তাঁর দাবি, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি নিয়ে পদবঞ্চিত নেতার ক্ষোভ প্রকাশের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
কেএন/এসএন