প্রাণঘাতী হামলার শিকার টাইগার, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি
ছবি: সংগৃহীত
১১:৪৭ এএম | ১৯ অক্টোবর, ২০২৬
মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীদের পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় পুরো বলিউডপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রবিবার এ চাঞ্চল্যকর হামলার পর যেমন রাজনৈতিক মহলে হুলস্থুল পড়ে গেছে, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও এর গভীর প্রভাব পড়েছে।
হামলার খবর পেয়েই টাইগারকে দেখতে তার মুম্বাইয়ের বাসভবনে ছুটে গেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী দিশা পাটানি।
রবিবার রাতে ফুটবল খেলে ফেরার সময় পুষ্প পার্কের কাছে বাইক আরোহী তিন দুষ্কৃতকারী টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে একাধারে গুলি চালায়। এ হামলায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন।
চালক জখম হওয়ায় চরম বিপদের মধ্যেও টাইগার নিজে গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে পৌঁছান। এ ঘটনার পরেই প্রকাশ্যে এসেছে টাইগারের একটি ছবি, যেখানে তার বাঁ হাতে ব্যান্ডেজ ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে চরম উৎকণ্ঠা ও বিচলিত অবস্থায় টাইগারদের বাড়িতে প্রবেশ করতে দেখা যায় তার সাবেক প্রেমিকা দিশা পাটানিকে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও বিপদের দিনে প্রাক্তনের পাশে দাড়াতে দিশার এ ছুটে আসাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঘটনার দায় স্বীকার করে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য সামাজিক মাধ্যমে হুমকি দিয়ে জানিয়েছে, সালমান খানের সঙ্গে কাজ করা কিংবা তাদের নির্দেশ অমান্য করার খেসারত দিতে হচ্ছে।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এরই মধ্যে টাইগার শ্রফের বাড়িতে গিয়ে তার ও তার পরিবারের সঙ্গে দেখা করে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
হামলাকারীদের ধরতে মুম্বাই পুলিশের ১৫টি দল মাঠে নেমেছে, অন্যদিকে এআইসিডব্লিউএ-র পক্ষ থেকেও বলিউড তারকাদের জন্য কঠোর নিরাপত্তার জোরালো দাবি জানানো হয়েছে।
এমআই/এসএন