© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূজায় আসনপ্রতি ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

শেয়ার করুন:
পূজায় আসনপ্রতি ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ২০ অক্টোবর, ২০২৬
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রত্যেক সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত সময়ের তুলনায় এবার আপনারা আরও বেশি সহায়তা পাচ্ছেন। আগে যেখানে ৫০০ কেজি চাল বরাদ্দ ছিল, এবার সেখানে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের নতুন শাড়ি নিয়ে এসেছি। আপনারা এই শাড়ি পূজার দিনে পরবেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে কোনো মানুষ অসহায় বোধ না করেন। দেশের স্বার্থে, নিজ নিজ এলাকার উন্নয়নে এবং একটি সুন্দর মানিকগঞ্জ গড়ে তুলতে তিনি সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান। এ সময় তিনি মানিকগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।

বক্তব্যের শেষে খাদ্যমন্ত্রী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। 

এর আগে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের শাড়ি বিতরণ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সারোয়ার আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। 

পরবর্তীতে, মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজার সার্বজনীন দুর্গামন্দির, ঘোনা সদরপুর ছোট কালীবাড়ি মন্দির ও বাংলাদেশ হাট সার্বজনীন দুর্গামন্দির এবং সাটুরিয়া উপজেলার সার্বজনীন হরিসভা দুর্গামন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

এফআর/এসএন

মন্তব্য করুন