বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
০৫:২৫ পিএম | ২০ অক্টোবর, ২০২৬
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আওয়ামী লীগ শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের এমপিদের অধিকাংশই কখনো রাজপথে ছিলো না। তারা মূলত এমপি হয়েছে অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের থিওরি অনুসরণ করে। যে কারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত না। আর রাজপথের বক্তব্যের অনভ্যস্ততা কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছে।
তিনি বলেন, বিশেষ করে সরকার সম্বন্ধে জামায়াতের আমিরের আউল ফাউল বক্তব্যে মানুষ হাসিতামাশা করছে। গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে যে সমন্বয় থাকা দরকার ছিল, জামায়াত সেটি মোটেও ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।
রাশেদ খাঁন আরও বলেন, আমার ধারণা, বিরোধীদল হিসেবে আওয়ামী জামানার বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে জামায়াত নেতারা! শক্তিশালী বিরোধীদল সাজতে গিয়ে ‘পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার রেডি করে রাখুন, আরেকটি গণঅভ্যুত্থান হবে’ ইত্যাদি কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ রইলো।
সবশেষ তিনি লেখেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদেরকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ।
আরআই/টিএ