ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিলো বেনিন
ছবি: সংগৃহীত
০৯:৪৭ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
চীনে চলমান আইএসএফ ফুটবল বিশ্বকাপে ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করেছে বেনিনের অনূর্ধ্ব-১৮ স্কুল দল।
এর আগে কাতারকে ৭-০ গোলে হারানো আফ্রিকার দেশটি টানা দুই জয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৪ গোল করলেও নিজেদের জালে কোনো গোল হজম করেনি দলটি।
গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বেনিন। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আরও ভয়ংকর রূপে হাজির হয় দলটি। একের পর এক গোল করে ভারতকে ২৭-০ ব্যবধানে হারিয়ে নিজেদের আক্রমণাত্মক শক্তির প্রমাণ দেয় তরুণ বেনিনের খেলোয়াড়েরা।
দুই ম্যাচ শেষে বেনিনের পয়েন্ট ৬। গোল করেছে ৩৪টি, বিপরীতে হজম করেনি একটিও। এমন দাপুটে পারফরম্যান্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দলটি।
টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর পর এখন আত্মবিশ্বাসী বেনিন। গ্রুপ পর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ স্বাগতিক চীন। এই ম্যাচে জয় পেলে গ্রুপপর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে তরুণ ‘চিতা’দের সামনে।
তবে নিজেদের মাঠে খেলতে নামা চীনের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বেনিনের জন্য। টানা দুই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে স্বাগতিকদের বিপক্ষে নতুন করে প্রস্তুতি নিতে হবে দলটিকে।
এমআই/টিএ