সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতিদের
ছবি: সংগৃহীত
০৭:২২ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ ছাড়া বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে তারা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়ে কোনও বার্তা দেয়নি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ এবং ইয়ানবু সংলগ্ন ইসলামের পবিত্র নগরী মদিনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মধ্যে ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় ফাঁকা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান তেল কোম্পানি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করতে তৎপর সৌদি নেতৃত্বাধীন জোট। হুতিরা বাব আল-মান্দেব প্রণালি দখলে নেয়ার পর থেকেই নতুন করে গোষ্ঠীটির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা।
ইয়াহিয়া সারি জানান, গত জুলাইয়ের মাঝামাঝিতে থেকে শুরু হওয়া সৌদি হামলায় ইয়েমেনে ৫৬২ জন নিহত ও আহত হয়েছেন। সে সময় বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ জারি করেছিল হুতিরা।
এমআর/টিএ