রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে নাগরিকত্ব নিশ্চিতের আহ্বান হেফাজতের
ছবি: সংগৃহীত
১১:৪৬ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে পূর্ণ নাগরিক মর্যাদায় নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনটির নেতারা বলেছেন, দীর্ঘস্থায়ী এ সংকটের কারণে কক্সবাজারসহ বাংলাদেশ বহুমুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাংলাদেশ, বিশেষত কক্সবাজার, বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
প্রধান আলোচক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের অবসান ঘটাতে হবে। তাদের পূর্ণ নাগরিক মর্যাদায় নিরাপদ, সম্মানজনক ও টেকসই স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দীর্ঘস্থায়ী এ সংকট কক্সবাজারসহ দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের পুনরায় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি এড়াতে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির জেলা সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। সঞ্চালনা করেন জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাহমত সালাম, বাংলাদেশ খেলাফত মজলিশের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, হাশেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রাবন্ধিক আখতারুল আলম, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, আইনজীবী অ্যাডভোকেট নিজামুল হক, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি বেলাল তৌহিদ এবং ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের প্রভাবে কক্সবাজারের পরিবেশ, বনভূমি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর চাপ বাড়ছে। পাশাপাশি রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকায় মাদক পাচার, অপহরণ, মানবপাচার, সহিংসতা ও ধর্মান্তরকরণসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি মোকাবিলায় কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
এ ছাড়া বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতা, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
একেএস/টিএ