© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যানসারের কাছে হার মানল ফেনীর ক্রিকেটার হৃদয়ের ইনিংস

শেয়ার করুন:
ক্যানসারের কাছে হার মানল ফেনীর ক্রিকেটার হৃদয়ের ইনিংস
কাওছার আহমেদ, মোবাইল জার্নালিস্ট, ফেনী
০৬:৫৭ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
ক্যানসারের কাছে হার মানল ফেনীর উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের ইনিংস। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে ক্রিকেটের মাঠে এগিয়ে চলা এই তরুণ আর ফিরবেন না ২২ গজের লড়াইয়ে। শনিবার (২৪ অক্টোবর) মাত্র ১৮ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমান চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই প্রতিশ্রুতিশীল পেসার।

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের বাসিন্দা হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে থেমে গেল তাঁর জীবনের ইনিংস।

ফেনী জেলা দল থেকে চট্টগ্রাম বিভাগীয় দলে জায়গা করে নেওয়া হৃদয়ের স্বপ্ন ছিল আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার। ব্যাট-বলের লড়াইয়ে নিজের প্রতিভা তুলে ধরে একদিন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

হৃদয়ের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুলাইয়ে তাঁর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে পরিবার, স্বজন ও ফেনীর ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় একজন খেলোয়াড়ের এমন অকাল প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো দেশের ক্রিকেটের।

লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন আর পূরণ হলো না হৃদয়ের। ২২ গজে তাঁর পথচলা থেমে গেল চিরতরে, রয়ে গেল শুধু এক অসমাপ্ত ইনিংসের গল্প।

এমআই/টিএ

মন্তব্য করুন