ফরিদপুরে গুদামে লাগা আগুনে পুড়ে ছাই ৩ হাজার মণ পাট
ছবি: সংগৃহীত
১১:০০ এএম | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান পুড়ে গেছে। আগুনে গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাটও ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাজারের ৭টি পাটের গুদাম ও কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এফআর/এসএন