ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস
ছবি: সংগৃহীত
০৫:৩৮ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। তার অভিনীত নাটক ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ দিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি।
এবার ঢাকায় আসছেন এই অভিনেতা। সফরে তার সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল। পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় বিলালের ঢাকা সফরের বিষয়টি জানিয়েছে। বাংলাদেশে আয়োজিত প্রতিষ্ঠানটির পঞ্চম সংস্করণে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এই অভিনেতা।
প্রদর্শনীতে তার মায়ের নকশা করা পোশাকও স্থান পাবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। প্রদর্শনীর তৃতীয় দিন, শুক্রবার (৬ নভেম্বর) সেখানে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান।
এই প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। পাকিস্তানি সংস্কৃতি ও ফ্যাশনকে বাংলাদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম আকর্ষণ।
অভিনয়ে স্বতন্ত্রতা ও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন বিলাল আব্বাস খান। তার অভিনীত ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’ নাটকগুলো দর্শকমহলে আলোচিত হয়েছে।
এসএ/টিএ