বিএনপি এবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে টালবাহানা করছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৭:৫৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬
বিএনপি কখনই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি এবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে টালবাহানা করছে। নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে। তাদের সে চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
সোমবার (২৬ অক্টোবর) সারাদেশে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এনসিপির অঞ্চল ভিত্তিক সমন্বয় সভার শুরুর প্রাক্কালে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস অনেক আগের। নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ওঠে। আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দল ওই দাবি মেনে নেয়। কিন্তু ’৯৬ সালে বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা না মেনে একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় গিয়ে টিকতে পারেনি। আন্দলোনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।
তিনি বলেন, ২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক করেছে। বিচার বিভাগকে রাজনীতিকরণ করে, নিজেদের বিচারপতি বসিয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর চেষ্টা করা হয়েছে। বিএনপি সবসময় আওয়ামী লীগের কায়দায় চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে। কিন্তু আওয়ামী সফল হয়েছে, বিএনপি সফল হতে পারেনি।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এমপি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুন্সিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্যসচিব মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/টিএ