© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগ করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগ করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ এএম | ২৭ অক্টোবর, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার পদে দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করবে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব আরও কার্যকর হবে।

প্রধান শিক্ষক পদে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি। বিদ্যমান নিয়োগবিধি অনুসারে এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। দশম গ্রেডের পদ হওয়ায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পিএসসির মাধ্যমে সম্পন্ন করতে হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া শেষ হলে সহকারী শিক্ষকের বেশ কিছু পদ শূন্য হবে। তখন ওই পদগুলোতে নতুন শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হবে।

দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ ছিল। প্রায় ১৩ বছরের আইনি জটিলতা কাটিয়ে আদালতের রায়ের পর ৩৬ হাজারের বেশি সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ খুলেছে।

এদিকে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নতুন করে ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগ পেয়েছেন। তারা ইতিমধ্যে বিদ্যালয়ে যোগ দিয়ে পাঠদান শুরু করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষকদের পদোন্নতি এবং পিএসসির মাধ্যমে নতুন প্রধান শিক্ষক নিয়োগ—দুটি প্রক্রিয়া সম্পন্ন হলে সহকারী শিক্ষকের অনেক পদ শূন্য হবে। তখন এসব পদ পূরণে বড় পরিসরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ তৈরি হতে পারে।

একেএস/টিএ

মন্তব্য করুন