প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাশেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন, মবের শিকার হবেন না
ছবি: সংগৃহীত
০২:৫৫ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরে এলে ন্যায়বিচার ফেস করবেন, তিনি কোনো মব বা বেআইনি কিছু ফেস করবেন না; তার প্রতি প্রতিশোধ আমরা ন্যায়বিচার দিয়ে করব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি এলে বিচারের মুখোমুখি হবেন, তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার, তাই হবে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নিয়ে বারবার আলোচনা হলে একই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলতে থাকবে। এ প্রসঙ্গে তিনি ডিসেম্বর ও পরবর্তী জুন মাসের উদাহরণ দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের পর দেশে আসতে না পারার কথা জানিয়ে আবার নতুন সময়ের কথা বলা হলে একই আলোচনা পুনরায় শুরু হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এরশাদের উদাহরণ টেনে তিনি বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি মন্ত্রিসভাসহ দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ীও হয়েছেন। তার দলের ৩৫টি আসন ছিল।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি। তাই এ নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।
তিনি বলেন, না, মাননীয় প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, এরকম কোনো রকম কোনো কথা সরকারি দিক থেকে অফিশিয়ালি হয় নাই। সুতরাং এটা নিয়ে আমাদের আসলে স্পেকুলেট না করাই ভালো হবে।
এমআই/টিএ