© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলা ভাষাভাষী মানুষ এখন অনেক বেশি সচেতন: গোলাম কুদ্দুস

শেয়ার করুন:
বাংলা ভাষাভাষী মানুষ এখন অনেক বেশি সচেতন: গোলাম কুদ্দুস
tanvir-raihan
০৬:২৮ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০১৯

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেছেন, বাংলা ভাষা শহীদদের প্রতি তরুণ, শিশু, প্রবীণসহ নানা বয়সের মানুষ শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে। এখানে তাদের স্বতঃস্ফূর্ত আসাতে আমরা সত্যিই গর্বিত। তবে বাংলা ভাষাভাষী মানুষ এখন অনেক বেশি সচেতন, তাও বলা যায়। এটি হচ্ছে আমাদের চেতনা জাগ্রতের বিষয়।

বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ টাইমস'এর সাথে আলাপকালে গোলাম কুদ্দুস এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক বিপ্লবের ফলে আমরা সবাই সচেতন হয়েছি। সবাই এক সঙ্গে মিলে মিশে বাংলাকে আবারও সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা সবাই বদ্ধপরিকর। সেজন্য উৎসাহ আর উদ্দীপনা থাকতে হবে।

গোলাম কুদ্দুস অভিযোগ করে বলেন, বাংলা ভাষাকে অপমান ও অপদস্থ করছে কিছু টিভি চ্যানেল ও এফ এম রেডিও। তারা সবাই মিলে বাংলিশ ভাষায় কথা বলছে। এতে চরম ভাবে আমাদের তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চ্যানেল ও এফএম রেডিও বন্ধ করার জন্য আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

এই সাংস্কৃতিক নেতা আরও বলেন, আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাদের সংবিধানেই বলা আছে। আর তাতে লেখা আছে সুপ্রিম কোর্টের ভাষা হবে বাংলা। কিন্তু তাও এখন ইংরেজিতে চলছে। এটি সত্যিই দুঃখজনক।

তিনি ভারত ও চীনের প্রসঙ্গ তুলে বলেন, ভারত ও চীন তাদের ভাষাকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এমনকি তারা তাদের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন না। সেরকম সমৃদ্ধশালী ভাষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

ভাষার প্রতি টান প্রসঙ্গে তিনি বলেন, এই ভাষার জন্যই কিন্তু আমরা শহীদ হয়েছি। আর এই ভাষা আন্দোলন থেকে শুরু করেই আমরা আমাদের সোনার বাংলাদেশ পেয়েছি। আর এই সোনার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এর জন্য আমাদের দেশে সব কিছুই আছে। তার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তখন বাংলা ভাষাকে বিশ্বের মানুষ এক নামে চিনবে।

 

টাইমস/টিআর/এইচইউ

মন্তব্য করুন