ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে যা বললেন সৌরভ
০১:৪৫ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৪
চলতি মাসেই ভারত সফর করবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দল আসন্ন এই সিরিজ নিয়ে অনেক বেশি আশা- প্রত্যাশা করছে। যদিও আসন্ন এই সিরিজে বাংলাদেশের সম্ভাবনা একেবারেই দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বাংলাদেশ এই সিরিজে ভারতকে চমকে দেবে বলে মনে করছেন না সৌরভ গাঙ্গুলি। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ভারত তাদের ‘কঠিন প্রতিপক্ষ’ হিসেবেই বিবেচনা করবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘মনে করি না বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভারত। তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও কঠিন লড়াই আশা করবে। কারণ, তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে।’
ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেললেও এখনো জয় পায়নি বাংলাদেশ। তবে পাকিস্তান সফরের আগে দলটির বিপক্ষেও ১৩ টেস্ট খেলে জয়হীন ছিল বাংলাদেশ। সেই ইতিহাস অবশ্য বদলে দিতে পেরেছেন শান্তরা। পাকিস্তানকে দুটি ম্যাচে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশকে এ কারণে কৃতিত্বও দিচ্ছেন সৌরভ, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো কখনো সহজ নয়, সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ভারতে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ঘরে হোক বা বাইরে, ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী।’