বিপিএলের দুইটি ম্যাচের সূচিতে পরিবর্তন
১১:৩৩ এএম | ৩০ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশের ক্রিকেটপাড়ায় বাজছে বিপিএলের ডামাডোল। আজ সোমবার দুপুরেই শুরু হচ্ছে বিপিএলের একাদশতম আসরের প্রথম ম্যাচ। তবে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুইটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আজকের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। তবে আগামীকাল মঙ্গলবারের ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন।
বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরের কারণে ম্যাচের সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। ম্যাচ দুইটি এগিয়ে আনা হয়েছে দেড় ঘণ্টা করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই দিন খুলনা টাইগার্স–চিটাগং কিংস ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১২টায় শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ওই ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ।
রবিবার রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে বলে সেদিনের ম্যাচ দুটির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। সেক্ষেত্রে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে টিকিট কিনতে হবে।