সেঞ্চুরির পর যা বললেন লিটন
ছবি: সংগৃহীত
১২:৩০ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৫
দুপুরে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। এরপর বিপিএলের ম্যাচ খেলতে সন্ধ্যায় মাঠে নামেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। আর মাঠে নেমেই করেন বাজিমাত। রাজশাহীর বিপক্ষে করেন বিস্ফোরক এক সেঞ্চুরি। ৫৫ বলে করেন ১২৫ রান। যা বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড।
বাদ পড়ার পরেই সন্ধ্যায় এমন বিধ্বংসী ইনিংস খেলায় সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় দুর্বার রাজশাহীর বিপক্ষে কোনো জেদ নিয়ে নেমেছিলেন কি না।
জবাবে লিটন বলেন, ‘না, প্রমাণ করার আসলে কিছু নাই। আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সবসময় ব্যাক অব মাইন্ডে থাকে, নিজের ক্রিকেটকে কীভাবে উন্নতি করা যায়।’
জাতীয় দলের এই ওপেনারের মন্তব্য, ‘আমার মনে হয় শেষ কয়েকদিন ধরে ক্রিকেট খুব একটা ভালো যাচ্ছিল না। চেষ্টা করব যে পারফরম্যান্সটা আজকে করেছি, বলব না যে, পরের দিন গেলেই একই পারফরম্যান্স হবে। তবে চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা ধরে রাখা যায়।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’