বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি ইনফান্তিনো
ছবি: সংগৃহীত
০২:০১ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৫
ফিফার সভাপতি আসছেন বাংলাদেশে। মার্চ মাসের মধ্যেই বাংলাদেশে আসবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সফরে তিনি বিশেষ করে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকের সময় ফিফা সভাপতি নারী ফুটবলের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ইনফান্তিনো বলেছেন, "আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব।" তিনি আরও জানান, ফিফা বাংলাদেশে নারী ফুটবলের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে ডরমিটরি নির্মাণ এবং অন্যান্য সুবিধা প্রদানে সহায়তা করবে।
নারী ফুটবলে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। তবে দেশের নারী ফুটবলাররা এখনও আর্থিক এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি। ডরমিটরি, প্রশিক্ষণ সুবিধা এবং পেশাদারিত্বের উন্নয়নে বিনিয়োগের অভাব রয়েছে। ইনফান্তিনোর এই প্রতিশ্রুতি দেশের নারী ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইনফান্তিনো এ বৈঠকে সৌদি আরবে নারীদের ফুটবল উন্নয়নে ফিফার সহায়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন। এটি শুধু সৌদি আরব নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলকে নতুন মাত্রা দিতে সহায়ক হবে।
পাশাপাশি বাংলাদেশে যুব উৎসবে আমন্ত্রিত হয়েও অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো। তবে আসন্ন সফরে তিনি বাংলাদেশে ফিফার কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দেশের ফুটবল উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেছেন।
ফিফার সভাপতি ইনফান্তিনোর এই সফর বাংলাদেশের ফুটবলে বিশেষ করে নারী ফুটবলের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অবকাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি, এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হতে পারে। এ সফর কেবল বাংলাদেশের ফুটবল উন্নয়নই নয়, দেশের ক্রীড়াক্ষেত্রেও একটি মাইলফলক হতে পারে।
টিএ/