হ্যাটট্রিক করে রেকর্ড বুকে পাকিস্তানের নোমান
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
ব্যাটের সামনে ওত পেতে থাকা বাবর আজম ক্যাচটা নিয়েই বসে রইলেন, বাকিরা ছুটলেন ক্রিজের বোলিং প্রান্তের দিকে। উচ্ছ্বসিত নোমান আলী বাতাসে মুষ্ঠি ছুড়ে দিলেন, আর এভাবেই তিনি জায়গা করে নিলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে।
পাকিস্তানের মাটিতে টেস্টে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছেন নোমান আলী। আজ মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন তিনি। নোমানের হ্যাটট্রিকের শিকার হলেন জাস্টিন গ্রিভস, তেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ার। তৃতীয় উইকেটটি ছিল শর্ট ফরোয়ার্ডে বাবরের ক্যাচ, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে জায়গা করে নিলো।
টেস্টে এটি পাকিস্তানের ষষ্ঠ হ্যাটট্রিক। তবে আগের পাঁচটিই ছিল পেসারদের। পেস-নির্ভর পাকিস্তানে স্পিনারদের জন্য এটি একটি বিরল অর্জন। এর আগে পাকিস্তানের মাটিতে মাত্র দুজন স্পিনার হ্যাটট্রিক করেছেন। প্রথমটি ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক এবং দ্বিতীয়টি ২০০৩ সালে বাংলাদেশের অলক কাপালি।
পাকিস্তানি বোলারদের হ্যাটট্রিকের তালিকায় নাম লিখিয়েছেন ওয়াসিম আকরাম, যাঁর দুটি হ্যাটট্রিকই ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তাঁর পর আবদুর রাজ্জাক, মোহাম্মদ সামি এবং নাসিম শাহ। তবে নোমানের এই অর্জন স্পিনার হিসেবে তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আজকের ম্যাচে নোমানের হ্যাটট্রিকের পর ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৩৮ থেকে ৭ উইকেটে ৩৮ এ দাঁড়ায়। এই অনবদ্য পারফরম্যান্সে ৩৮ বছর বয়সী নোমান নিজেকে প্রমাণ করেছেন এবং পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নিজের নাম সোনালী অক্ষরে লিখিয়ে নিয়েছেন।
টিএ/