ক্রিকেট বিস্ময়: বাবা ছেলের অনবদ্য রেকর্ড!
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
ক্রিকেটে এমন কিছু গল্প রয়েছে যা শুধু সাফল্যের কথা বলে না, পরিবার, সম্পর্ক ও ঐতিহ্যের গর্বও প্রকাশ করে। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এমন দুটি নাম রয়েছে, যারা শুধু নিজের খ্যাতিই অর্জন করেনি, বরং বাবা-ছেলের রেকর্ডে একটি বিশেষ অধ্যায় লিখে গেছেন। তারা হলেন নজর মোহাম্মদ ও তার ছেলে মুদাসসর নজর।
এটি ছিল ১৯৫২ সালের কথা, পাকিস্তান প্রথম টেস্ট সিরিজ খেলতে যায় ভারতের মাটিতে। ১৯৫২ সালের লক্ষ্মৌ টেস্টে ওপেনার নজর মোহাম্মদ মাঠে নেমে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। কিন্তু এটিই ছিল কেবল তার সেঞ্চুরি নয়, বরং তিনি পুরো ইনিংসটিই খেলেন, অপরাজিত ছিলেন ১২৪ রানে। প্রায় ৮ ঘণ্টা ৩৫ মিনিট ধরে ব্যাট করে তিনি নিশ্চিত করেন যে, এটি পাকিস্তানের প্রথম সেঞ্চুরি এবং সেটি ছিল ইনিংসের আদ্যন্ত ব্যাটিং।
নজরের সেই ইতিহাসের ৩১ বছর পর, ১৯৮৩ সালে পাকিস্তানের আরেকটি ক্রিকেট ইতিহাস রচিত হয়। নজর মোহাম্মদের ছেলে, মুদাসসর নজর, পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ওপেন করতে নেমে অপরাজিত ১৫২ রান করেন। ৮ ঘণ্টা ১৫ মিনিট ব্যাট করে তিনি টেস্ট ক্রিকেটে ইনিংসের আদ্যন্ত ব্যাটিংয়ের রেকর্ডটি ভাঙেন, যা তখন এক বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।
মুদাসসরের এই ইনিংসটি শুরু হয়েছিল ২৩ জানুয়ারি, যখন তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। পরবর্তী দিন, ২৪ জানুয়ারি, সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে তার ইনিংসকে পরিপূর্ণ করেন। এবং একই পরিবারের দুই সদস্য, বাবা ও ছেলে মিলে একই রেকর্ডে নাম লেখান।
টিএ/