© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ক্যাপিটালসের ভরসা এবার অস্ট্রেলিয়ান ‘হোস্ট’!

শেয়ার করুন:
ঢাকা ক্যাপিটালসের ভরসা এবার অস্ট্রেলিয়ান ‘হোস্ট’!

ছবি: সংগৃহীত

শারলিন
০৫:৫৪ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৫
বিপিএল একাদশ আসরে ৩৪টি ম্যাচ শেষ, আর বাকি ১২টি। তবে ঢাকা ক্যাপিটালসের জন্য বিষয়টা ভিন্ন। প্লে-অফে উঠতে হলে তাদের জিততে হবে শেষ দুটি ম্যাচে, পাশাপাশি অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এমন চাপের মুহূর্তে দলটি এক অস্ট্রেলিয়ান উপস্থাপককে নিয়ে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, তাদের নতুন উপস্থাপক কেজিয়া ডাউন অস্ট্রেলিয়ার পরিচিত মুখ। তিনি সংবাদ উপস্থাপনা ও ক্রীড়া ইভেন্টে হোস্ট হিসেবে কাজ করেন। বিশেষ করে, মোটরস্পোর্টসে তার দক্ষতা রয়েছে। তবে বিপিএল তার জন্য নতুন অভিজ্ঞতা।

কেজিয়া ডাউন ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ফুটবল লিগের আদিবাসী খেলোয়াড়দের নিয়ে সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পান। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য তার ব্যাপক পরিচিতি রয়েছে।

এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নিজস্ব হোস্ট নিয়োগের ট্রেন্ড দেখা গেছে। প্রথমে চিটাগং কিংস ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল ইয়েশা সাগরকে নিয়োগ দিয়ে আলোচনায় আসে। সিলেট স্ট্রাইকার্সও স্মিতা চৌধুরীকে হোস্ট হিসেবে এনেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ঢাকার নাম।

বর্তমানে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে ৩ জয়ে সংগ্রহ করেছে মাত্র ৬ পয়েন্ট। প্লে-অফে উঠতে হলে শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর হারের জন্য প্রার্থনা করতে হবে। দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের বাকি ম্যাচগুলোর ফলাফলও ঢাকার ভাগ্য নির্ধারণ করবে। তাই ঢাকার প্লে-অফ স্বপ্ন এখন পুরোপুরি যদি-কিন্তুর ওপর নির্ভরশীল।

টিএ/

মন্তব্য করুন