সাকিবকে ছাপিয়ে সবার ওপরে তাসকিন
ছবি: সংগৃহীত
০৪:০৪ পিএম | ২৭ জানুয়ারি, ২০২৫
বিপিএলে দশম আসর পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটি ছিলো সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ডকে ভেঙে নিজেকে সবার ওপরে নিয়ে গেলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে বিপিএলের বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা বনে যান তাসকিন আহমেদ।
এর আগে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকার করার রেকর্ডটি ছিলো সাকিব আল হাসানের। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তবে রংপুরের বিপক্ষে গতকালের ম্যাচে তাসকিন তার এই রেকর্ডকে ছাপিয়ে যান।
রংপুরের বিপক্ষে ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলরকে উইকেটকিপার আকবর আলীর ক্যাচে ফেরান তাসকিন আহমেদ। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসানকে এলবিডব্লিউর ফাদে ফেলে এই নতুন ইতিহাস গড়েন।
আসরে উইকেটপ্রাপ্ত বোলার হিসেবে শীর্ষস্থানে পৌঁছাতে তাসকিন গড়েছিলেন আরও একটি রেকর্ড। ঢাকার বিপক্ষে এক ম্যাচেই ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন। যা বিপিএলের এখন পর্যন্ত এক ম্যাচের সেরা বোলিং ফিগার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার।
তাসকিনের আগে বিপিএলের এক মৌসুমে ২২টি করে উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন কেভিন কুপার, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও রুবেল হোসেন। ২০১৫ সালে কেভিন কুপার বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ২০১৯ সালের আসরে সাকিবের ২৩ উইকেটের পাশাপাশি মাশরাফী ও রুবেল নিয়েছিলেন ২২ উইকেট।
টিএ/