ওয়ানডেতে বর্ষসেরা আফগান তারকা ওমরজাই
ছবি: সংগৃহীত
১১:৩৮ এএম | ২৮ জানুয়ারি, ২০২৫
২০২৪ সালে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। আইসিসি তাকে স্বীকৃতি দিয়ে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব দিয়েছে। আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান লাভ করলেন।
২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের গতির ঝড় ও বহুমুখী ব্যাটিং আফগানিস্তানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। গত বছর তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন এবং বল হাতে ছিলেন দ্বিতীয় সেরা।
তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল শারজায় বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডেতে। সিরিজ নির্ধারণী ম্যাচে আজমতউল্লাহ বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের রান সংগ্রহে বাধা সৃষ্টি করেন। ডেথ ওভারে তার বলিং দক্ষতা বাংলাদেশকে ভাল ফিনিশিং করতে দেয়নি। তিনি ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
আজমতউল্লাহ ওমরজাই আফগানিস্তানের টানা চার ওয়ানডে সিরিজ জয়েও ছিলেন কেন্দ্রীয় চরিত্র। এই সিরিজগুলোতে আফগানিস্তান আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে পরাজিত করে।
আজমতউল্লাহ ওমরজাইয়ের নৈপুণ্যে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে আরও দৃঢ় পদচিহ্ন রেখেছে। তার এই পারফরম্যান্সই তাকে ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব এনে দিয়েছে।
টিএ/