অস্ট্রেলিয়াকে ১৭৪ রানে হারিয়ে শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়
ছবিঃ সংগৃহীত
০৫:৪৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রীলঙ্কার পেস ও স্পিন আক্রমণে বিধ্বস্ত হয়ে অস্ট্রেলিয়া মাত্র ১০৭ রানে গুটিয়ে গেছে, যা তাদের এশিয়ায় সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কার ১৭৪ রানে জয় পেয়ে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়াকে। এই সংস্করণে রানের হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয় এটিই। এর আগে সর্বোচ্চ ৮২ রানে জিতেছিল তারা ২০১৬ সালে কলম্বোতে।
সেই আর প্রেমাদাসা স্টেডিয়ামেই শুক্রবার ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ২৪.২ ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় স্রেফ ১০৭ রানে। ২৮ রানে হারায় শেষ ৭ উইকেট। এই সংস্করণে এশিয়ায় অস্ট্রেলিয়ার সর্বনিম্ন ও শ্রীলঙ্কার বিপক্ষে সব ভেন্যু মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। এশিয়ায় তাদের আগের সর্বনিম্ন ছিল ১৩৯, ১৯৮৫ সালে শারজাহতে ভারতের বিপক্ষে ও ১৯৮৯ সালে মুম্বাইয়ে (তখনকার বোম্বে) পাকিস্তানের বিপক্ষে।
শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেন কুসাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ১১৫ বলে ১০১ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ১১ চারে গড়া ইনিংসে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।
আগের ম্যাচে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করা আসালাঙ্কা এবার ৬ চার ও ৩ ছক্কায় ৬৬ বলে খেলেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। দুই ম্যাচে ২০৫ রান করে সিরিজের সেরা লঙ্কান অধিনায়ক।
বল হাতে অস্ট্রেলিয়ার প্রথম ৩ উইকেট নেন আসিথা। পরের ৭ উইকেট ভাগ করে নেন ওয়েলালাগে ও হাসারাঙ্গা। বাঁহাতি স্পিনার ওয়েলালাগের প্রাপ্তি ৩৫ রানে ৪টি, লেগ স্পিনার হাসারাঙ্গার শিকার ২৩ রানে ৩টি।