© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে জাতীয় দলে ফিরছেন এমবাপে?

শেয়ার করুন:
অবশেষে জাতীয় দলে ফিরছেন এমবাপে?

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
গত বছর কিলিয়ান এমবাপের জাতীয় দলে অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এবার সব গুজব বন্ধ করে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম নিশ্চিত করেছেন যে, আগামী মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এমবাপে ফ্রান্স জাতীয় দলের অংশ হবেন।

ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। গত বিশ্বকাপে দলের ফাইনাল খেলার পথেও সেরা অবদান ছিল তার। সেই তাকেই গত অক্টোবর ও নভেম্বরে উয়েফা নেশন্স লিগের ম্যাচের দলে রাখেননি কোচ।

নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আগামী মাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই লেগের লড়াইয়ে নামবে ফরাসিরা। ম্যাচ দুটির জন্য এখনও দল ঘোষণা করেনি তারা। তবে সেখানে এমবাপে যে থাকবেন, শুক্রবার ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেতে প্রকাশিত সাক্ষাৎকারে সেটা জানিয়ে দিয়েছেন দেশম।

“অবশ্যই সে ওই দলে থাকবে। কেন থাকবে না? হ্যাঁ, নির্দিষ্ট কিছু কারণেই (গত দুই স্কোয়াডে সে ছিল না), তবে সামনে তাকে ঘিরে (অনাকাঙ্ক্ষিত) কিছু না ঘটলে, সে আগামী মাসের দলে থাকবে।”
“তার ব্যক্তিগত জীবনে ও ক্যারিয়ারে জটিল একটা সময় কেটেছে, তারপরও সে ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ। সে পুরো ফিটনেস ফিরে পেয়েছে, এবং মাঠেই তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার নিজের চিন্তাভাবনাতেও বিষয়গুলো পরিষ্কার।”

আগের দুই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এমবাপেকে দলে না রাখার কারণও ব্যাখ্যা করলেন দেশম। আলাদা করে বললেন, পিএসজির ছেড়ে গত গ্রীষ্মে এমবাপের রেয়ালে যোগ দেওয়ার কথা। নতুন ঠিকানায় মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়ার ভাবনাও তাকে জাতীয় দলে না নেওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করলেন কোচ।

“কিছু ছুটি, অল্প পরিসরে প্রস্তুতি, প্যারিসে ছয়টি জটিল মাস, পিঠের ব্যথা, ইউরোতে নাক ভেঙে যাওয়া-এই বিষয়গুলো অবশ্যই তার (এমবাপে) শরীর ও মনের ওপর প্রভাব ফেলেছিল, মাদ্রিদের মানিয়ে নেওয়ার কারণ তো আছে।”“এতে কিছুটা সময় লেগেছে। তবে সবকিছু এখন ঠিক হয়ে গেছে, কারণ সে প্রয়োজনীয় সবকিছু করেছে।”

মন্তব্য করুন