© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাকার ছড়াছড়ি, সুযোগ আছে বাংলাদেশেরও

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাকার ছড়াছড়ি, সুযোগ আছে বাংলাদেশেরও

ছবি: সংগৃহীত

মুস্তাফিজ আবির
০৯:২৪ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে কোটি কোটি টাকা জেতার হাতছানি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের প্রাইজমানিতে থাকছে টাকার ছড়াছড়ি। সদ্য শেষ হওয়া বিপিএল এ চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিলো আড়াইকোটি। ওদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম বা ষষ্ঠ অবস্থানে থাকতে পারলেই মিলবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। এবারের আসরে ম্যাচ জিতলেই মোটা অংকের পুরুষ্কার। হারজিতেই শেষ নয়, শুধু অংশগ্রহনেও থাকছে অর্থ পুরুষ্কার। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এমই দারুণ সব চমক দিলো আইসিসি।

মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের চ্যাম্পিয়ন্স দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। তার জন্য অবশ্য খুব বেশি নয়, মাত্র পাঁচটি ম্যাচ জিতলেই এই টাকা অর্জন করা সম্ভব। সুযোগ আছে টাইগারদের সামনেও।

আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে টানা জয় তুলে নিতে পারলেই চ্যাম্পিয়ন হয় বিশাল এই অঙ্ক অর্জন করা সম্ভব। বাংলাদেশ দল খেলবে গ্রুপ ‘এ’তে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে-১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। টাকার অংকে যা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা।

ধরুন বাংলাদেশ সেমিফাইনালেও উঠতে পারল না; তবুও কিন্তু অর্থ আয়ের সুযোগ আছে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার বা ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

আয়ের সুযোগ আছে আরও। আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা)করে।

 এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে শুধু অংশগ্রহণের জন্যই পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা করে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।

মন্তব্য করুন