ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
ছবিঃ সংগৃহীত
১১:০৪ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
করাচিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড। তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল কিউইরা।
পাকিস্তানের ব্যাটিংয়ে ছিল চরম বৈপরীত্য। আগের ম্যাচে ৩৫০-এর বেশি রান তাড়া করে জেতা দল এবার ২৪২ রানেই গুটিয়ে গেল। প্রথম সাত ব্যাটারের মধ্যে কেবল একজনের স্ট্রাইক রেট ছিল একশর বেশি।
পেসার উইল ও’রোক ৪৩ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক টম ল্যাথামের বুদ্ধিদীপ্ত নেতৃত্বে নিউজিল্যান্ডের বোলাররা ৪০টি ডট বল করান এবং একটিও বাউন্ডারি হজম করেননি। অফ-স্পিনার মাইকেল ব্রেসওয়েলও ২ উইকেট শিকার করেন ৩৮ রানে।
২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ৫৮ বলে ৬ চারে করেন ৫৭ রান। সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর ফাইনালে ৬৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক ল্যাথাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই জয় নিউজিল্যান্ডের জন্য বড় এক প্রস্তুতি হয়ে থাকল। একই মাঠে আগামী বুধবার আবারও মুখোমুখি হবে এই দুই দল, এবার লড়াই হবে আরও বড় মঞ্চে।