© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের লিগেও দল হারালেন সাকিব

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের লিগেও দল হারালেন সাকিব

ছবিঃ সংগৃহীত

সাদমান রাফিদ
০৭:০৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
এবার যুক্তরাষ্ট্রের লীগ থেকেও বাদ পড়লেন সাকিব আল হাসান। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! রাজনৈতিক কারনে জাতীয় দলের দরজাটা একপ্রকার বন্ধই হয়ে গিয়েছে তার জন্য। নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে ১৭ বছর অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার গড়া সাকিব এখন শুধুই ব্যাটার। খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না সাকিবের!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দলেও নিজের জায়গা হারিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মেজর লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই তালিকায় বাদ পড়েছেন সাকিব আল হাসান।
 
প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছিলেন সাকিব। বেশ কিছু ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি। সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।

শুধু সাকিবই নন, দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও বাদ দিয়েছে তারা। যদিও রিটেনশনে লস অ্যাঞ্জেলসের দলে থেকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন।

২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর থেকেই কিছুটা বিতর্কিত হয়ে পড়েন তিনি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আরও বিপাকে পড়েন সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।

মন্তব্য করুন