বাংলাদেশ দলকে ঘিরে জোরালো প্রচারণায় নেমেছে আইসিসি
ছবি :সংগৃহীত
০৫:২১ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ দলকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ, আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বা ক্রিকেটারদের নিয়ে করা পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আর সেটিকেই প্রচারণার কৌশল হিসেবে ব্যবহার করছে আইসিসি। এবার চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দলকে নিয়ে পুরো দমে প্রচারণায় নেমেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির সামাজিক মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে আট দলের মধ্যে তুলনামূলক এগিয়ে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি আইসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের নিয়ে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওর শিরোনাম ছিলো, টাইগাররা ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন ছুড়তে প্রস্তুত। এখন পর্যন্ত ভিডিওটিতে ৯২ হাজারের মতো প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পড়ে শান্ত, মুশফিক, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার,মোস্তাফিজুর রহমানদের ছবি তুলতে দেখা গেছে। অনেকে আবার ব্যাটে অটোগ্রাফ দিয়েছেন। কেউবা ব্যাট নিয়ে শট খেলার ভঙ্গিতে, কেউ আবার বল হাতে ছবি তুলেছেন।
টাইগাররা গর্জন ছুড়তে প্রস্তুত, এই শিরোনামের ভিডিওর আগে ১৫ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ছবি পোস্ট করে আইসিসি। মুশফিক-সৌম্যদের অনুশীলন নিয়ে করা সেই পোস্টে গত দুই দিনে ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। শান্তদের নিয়ে সেই ছবিতে হাহা এবং মন্তব্যের ঘরে অনেকে বিদ্রুপ করলেও তাদেরকে নিয়ে দেওয়া পোস্ট যে দ্রুত ছড়াচ্ছে, সেটা তো স্পষ্ট।
ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশ ক্রিকেট দলের কী পরিমাণ জনপ্রিয়তা, সেটা আইসিসি পোস্ট দেওয়ার পর মন্তব্য, প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ানডে সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। ২০২৪ সালে তিনটি ওয়ানডে সিরিজ খেলে দুটিতেই হেরেছে। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাইয়ের মতো বিব্রতকর ঘটনা। যে উইন্ডিজ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দর্শক। শান্ত-মিরাজদের এখন শুধু মাঠের পারফরম্যান্সে দেখিয়ে দেওয়ার পালা।